আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির প্রধানের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান বলেন, সংবেদনশীল সময়ে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করেছে জনগণ ও রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন স্তরের সংহতি ও পারস্পরিক সহযোগিতা।
তিনি বলেন, বর্তমানে ইরানের প্রধান উদ্বেগ যুদ্ধ, ক্ষেপণাস্ত্র বা বোমাবর্ষণ নয়; বরং দেশের শান্তি, সংহতি ও সামাজিক ঐক্য বজায় রাখা। তিনি দাবি করেন, বিভাজন বা মতবিরোধ সৃষ্টি এড়াতে তিনি অনেক বিষয় প্রকাশ্যে আনেন না।
ইরানের প্রেসিডেন্ট বলেন, “জাতীয় ঐক্য রক্ষা সামরিক ও নিরাপত্তা ইস্যুর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, তিনি সবসময় এমন বক্তব্য বা অবস্থান এড়িয়ে চলার চেষ্টা করেন, যা ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার মতের বিরুদ্ধে যায় বা রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে বিভাজন তৈরি করতে পারে।
পেজেশকিয়ান জানান, ইরানে কোনো সিদ্ধান্তই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাঠামোর বাইরে নেওয়া হয় না এবং ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমোদন ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না।
কূটনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে দেশের সব প্রতিষ্ঠান, রাজনৈতিক ধারা ও প্ল্যাটফর্মকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি অভিন্ন কণ্ঠ থাকা প্রয়োজন।
রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবিকেও জাতীয় ঐক্য ও সংহতির পক্ষে কাজ করার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, রাষ্ট্রের সব অংশ যদি সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী কাজ করে এবং জাতীয় ঐক্য বজায় রাখে, তাহলে ইরানের শত্রুরা কখনো তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না।
Your Comment